ভাষা শহিদদের স্মরণে শিলচরে বিশাল র‌্যালি, অংশ নিল শতাধিক সংগঠন

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ মে : বাংলা ভাষা রক্ষার দাবিতে ১৯৬১ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে রবিবার শিলচরে অনুষ্ঠিত হলো এক বিশাল শ্রদ্ধাঞ্জলি র‌্যালি। বরাক উপত্যকার বিভিন্ন ভাষা, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, পাশাপাশি সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা একযোগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শিলচর রেলস্টেশন থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শিলচর শ্মশানঘাটে গিয়ে সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রায় ৭৫টি সংগঠন অংশগ্রহণ করে এবং বিভিন্ন বয়সের হাজারো মানুষের উপস্থিতিতে গোটা পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক), শরিফুজামান লস্কর, সুমনা দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ভাষা শহিদদের স্মৃতিচারণ করে বলেন, “ছোটবেলা থেকেই বরাকবাসীর ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ দেখে এসেছি। এই দিনটি আমাদের মাতৃভাষার জন্য আত্মবলিদানের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং বাঙালি জাতির আত্মপরিচয় রক্ষার সংগ্রামের প্রতীক হয়ে আছে।”

অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পাশাপাশি মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *