দুধপাতিল দেবনাথপাড়ায় কালীপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : প্রতি বছরের ন্যায় এ বছরও উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুধপাতিল দেবনাথপাড়ায় অনুষ্ঠিত হল সর্বজনীন শ্রীশ্রী কালীপুজো। পুজো উপলক্ষে গত সোমবার পুজো কমিটির উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকার প্রতিভাবান শিল্পীরা নৃত্য, সংগীত ও যোগাসন পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। নৃত্য পরিবেশন করেন সাক্ষী দেবনাথ, বৃষ্টি দাস, দীক্ষিতা নাথ, দ্বীপশিখা নাথ, তৃষা দেবনাথ, মানসী দেবনাথ, রাখী নাথ, শ্রী নাথ, অনন্ত দেবনাথ, ঝতিকা দেবনাথ-সহ অন্যান্যরা। সংগীত পরিবেশন করেন লক্ষ্মী দেবনাথ, সাক্ষী দেবনাথ, দীপশিখা নাথ ও ভূমিকা দাস। এছাড়া অনুক্ষা দেবনাথের যোগাসন প্রদর্শনীও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শেখর রঞ্জন নাথ, বিশিষ্ট আইনজীবী বিরুরঞ্জন নাথ, সমর চন্দ, স্বর্ণালী ভট্টাচার্য নাথ প্রমুখ। তাঁরা তাঁদের বক্তব্যে এমন সুন্দর আয়োজনের জন্য উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ নাগরিক মাখন দেবনাথ, বৃন্দাবন দেবনাথ, অমূল্য দেবনাথ, ভক্ত রঞ্জন দেবনাথ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রাত প্রায় ১০টা পর্যন্ত চলে এই আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শতাধিক এলাকাবাসীর উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝতিকা দেবনাথ। অনুষ্ঠানের পরিসমাপ্তিতে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে খাতা ও কলম তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনজনকে স্মারকচিহ্ন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করে তোলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয় দেবনাথ।

উল্লেখ্য, দুধপাতিল দেবনাথপাড়ার নিকুঞ্জ বৈষ্ণব রাধামাধব আখড়ায় আয়োজিত এই সর্বজনীন কালীপুজো এ বছর পনেরো বছরে পদার্পণ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *