
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও বিশেষ ভূমিকা পালন করে চলেছে খোয়াই জেলা পুলিশ। দীপাবলি ও শ্যামাপূজার উৎসবকে সামনে রেখে মানবিক উদ্যোগ গ্রহণ করল খোয়াই থানা। গতকাল থানার উদ্যোগে আয়োজিত এক বিশেষ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বহু অসহায় ও দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
উৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। খোয়াই থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে পুলিশের পক্ষ থেকে কম্বল তুলে দেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায়, খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রজিত মালাকার-সহ পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

পুলিশের আধিকারিকদের হাত থেকে শীতবস্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। উৎসবের মরশুমে খোয়াই পুলিশের এই মানবিক ও জনমুখী উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর পুলিশের এই প্রয়াস সামাজিক দায়িত্ববোধের এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।



