
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : দীপাবলির উৎসবের আনন্দের মধ্যেই এক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মহানগরীতে। আতশবাজি থেকে ছিটকে আসা আগুনের ফুলকি পড়ে আগুন ধরে যায় একটি ব্যাটারিচালিত অটো। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। আগুনের তীব্রতায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় অটো।
ঘটনাটি ঘটেছে গুয়াহাটি রাজধানী মসজিদের কাছে। দীপাবলি উপলক্ষে এলাকাজুড়ে চলছিল আলোর উৎসব ও আতশবাজি পোড়ানোর পর্ব। সেই সময় কোনও আতশবাজি থেকে ছিটকে আসা জ্বলন্ত অংশ এসে পড়ে রাস্তার পাশে থাকা ব্যাটারিচালিত রিকশাটিতে। এরপরই গাড়িতে আগুন ধরে যায়।আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অটোটি রক্ষা করা সম্ভব হয়নি।

উৎসবের রাতে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে বৈদ্যুতিক ব্যাটারিচালিত যানবাহনের কাছে আতশবাজি পোড়ানোর ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।।




