কালীপুজোর রাতে শিলচরের রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী

Spread the news

বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : কালীপুজোর রাতে শিলচরের রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রংপুরের শিববাড়ি এলাকায় শিলচর-ইম্ফল জাতীয় সড়কের পাশে এসবিআই ব্যঙ্ক সংলগ্ন একটি গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গোডাউনে মজুত কয়েক লক্ষ টাকার সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, সুমন ধর নামে এক ব্যবসায়ীর ভাড়াটে গুদামে আচমকাই আগুনের সূত্রপাত হয়। ওই গুদামে প্রচুর পরিমাণে বিস্কুট, কেক ও চকলেট মজুত রাখা ছিল। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রংপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশবাহিনী। খবর দেওয়া হয় দমকল বিভাগেও। পরে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কালীপুজোর রাতে বাজি ও পটকা ফাটানোর সময় কোনও বাজির আগুন বা স্ফুলিঙ্গ গোডাউনের ভিতরে গিয়ে পড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও দমকল বাহিনীর দ্রুত তৎপরতায় বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় আশপাশের এলাকা। তবে এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে রংপুরের শিববাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *