মিটার রিডিং ছাড়াই বিদ্যুতের গড় বিল পাঠানোর অভিযোগ, উধারবন্দে বিদ্যুৎ বিভাগের দ্বারস্থ কনজুমার্স অ্যাসোসিয়েশন

Spread the news

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : প্রকৃত মিটার রিডিং না নিয়েই গ্রাহকদের কাছে আনুমানিক বা ‘অ্যাভারেজ’ বিদ্যুৎ বিল পাঠানোর অভিযোগ উঠেছে এপিডিসিএলের বিরুদ্ধে। এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে শুক্রবার অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে উধারবন্দ বিদ্যুৎ সংমণ্ডলের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়।

পাভলভ লস্করের নেতৃত্বে সংগঠনের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট আধিকারিকের হাতে স্মারকপত্রটি তুলে দেন। এতে অভিযোগ করা হয়, বিগত বেশ কিছুদিন ধরে উদারবন্দ সাব-ডিভিশনের অধীন বিভিন্ন এলাকার অসংখ্য সাধারণ ও নিম্নবিত্ত গ্রাহকের বাড়িতে বাস্তবে মিটার রিডিং না নিয়েই আনুমানিক বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। এর ফলে গ্রাহকদের ওপর অযথা আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে এবং তাঁরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

স্মারকপত্রে অবিলম্বে এই ধরনের আনুমানিক বিল পাঠানো বন্ধ করা, প্রতি মাসে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত মিটার রিডিং সংগ্রহ করা এবং ইতিমধ্যে পাঠানো ভুল বিলগুলি দ্রুত সংশোধনের দাবি জানানো হয়। পাশাপাশি বিদ্যুৎ বিল তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ম মেনে পরিষেবা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে সংগঠনটি।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা পাভলভ লস্কর বলেন, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের এভাবে হয়রানির শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এপিডিসিএল কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান না করলে গ্রাহকদের স্বার্থ রক্ষায় আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবে সংগঠন। স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাহেল লস্কর, মাসুম রেজা লস্কর, কপিল হোসেন-সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *