বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : মিজোরামে রেল পরিষেবা চালু হওয়ার পর রেলপথ ও সংশ্লিষ্ট পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে ‘কমিটি অব ইঞ্জিনিয়ার্স’ গঠন করল মিজোরাম সরকার।
রেল মন্ত্রকের পক্ষ থেকে রেলপথ এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন পরিকাঠামো ও সম্পত্তির সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরার পর এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের চিফ ব্রিজ ইঞ্জিনিয়ার। এছাড়া সদস্য হিসেবে থাকবেন রাজ্যের পূর্ত বিভাগের (সড়ক) চিফ ইঞ্জিনিয়ার, পূর্ত বিভাগের (জাতীয় সড়ক) চিফ ইঞ্জিনিয়ার, সেচ ও জলসম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের চিফ কনজারভেটর অব ফরেস্টস (সদর দফতর) এবং ভারতীয় আবহাওয়া বিভাগের মিজোরাম আঞ্চলিক অধিকর্তা।

এই কমিটির প্রধান দায়িত্ব হবে বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয় সাধন করে রেলপথ ও সংশ্লিষ্ট পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা। একই এলাকায় বিভিন্ন বিভাগের কাজ চলাকালীন যাতে কোনও ধরনের সমস্যা বা বাধার সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখবে কমিটি। পাশাপাশি একাধিক বিভাগের কাজের মধ্যে সময়সূচি ও কার্যক্রমের সমন্বয় সাধন এবং রেল পরিষেবায় বিঘ্ন ঘটাতে পারে এমন কাজগুলির যথাযথ তদারকির ব্যবস্থাও করা হবে।

এছাড়া ভারি বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা, নিরাপত্তামূলক ব্যবস্থা এবং জলনিকাশি পরিকাঠামোর কার্যকারিতা পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করাও এই কমিটি গঠনের অন্যতম উদ্দেশ্য। মিজোরামে রেল পরিষেবাকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।



