বড়খলার ভিতর গঙ্গাপুরে হিট অ্যান্ড রান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : সাতসকালে বড়খলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ভিতর গঙ্গাপুর প্রথম খণ্ড এলাকায় শিলচর-জয়ন্তীয়া সড়কে ভয়াবহ হিট অ্যান্ড রানের ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। শুক্রবার ভোরে দ্রুতগতিতে আসা অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভিতর গঙ্গাপুর প্রথম খণ্ড এলাকার শিলচর-জয়ন্তীয়া সড়কের ওপর এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ভিতর গঙ্গাপুর প্রথম খণ্ড গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক ফখরুল ইসলাম লস্কর দ্রুত বড়খলা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ঘটনাটিকে হিট অ্যান্ড রান হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে বড়খলা থানার পুলিশ। কোন গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া গাড়িটির সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, জনবহুল সড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনা এবং দুর্ঘটনার পর ঘাতক গাড়ির পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত ঘাতক গাড়ি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *