লালার পিকে গার্লস এইচএস স্কুলে রক্তদান সচেতনতা সভা

Spread the news

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে লালার প্রাণকৃষ্ণ উচ্চমাধ্যমিক মহিলা বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টায় বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায় ও সম্পাদক রঞ্জিৎ ঘোষ।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল ইসলাম লস্কর ছাত্রীদের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেন। এরপর বিদ্যালয়ের বড়বাবু আব্দুল কাদির লস্কর অতিথিদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। গোটা অনুষ্ঠানটি তদারকি করেন শিক্ষিকা তুহিনা পাল।
সচেতনতা সভায় ফোরামের প্রতিনিধিরা রক্তদানের প্রয়োজনীয়তা, কারা রক্তদান করতে পারেন, রক্তের বিভিন্ন গ্রুপ ও উপাদান, কতদিন অন্তর রক্তদান করা যায় এবং রক্তদানের পর কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি রক্তদানের পর শরীরে রক্তের ঘাটতি কীভাবে পূরণ হয়, সেই বিষয়েও ছাত্রীদের অবহিত করা হয়।

থ্যালাসেমিয়া, ক্যানসার আক্রান্ত রোগী এবং প্রসবকালীন সময়ে মহিলাদের জন্য রক্তের অপরিহার্যতার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। বক্তারা জানান, রক্তদান শুধু মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতেই সাহায্য করে না, বরং নিয়ম মেনে রক্তদান করলে রক্তদাতারও উপকার হয়।

বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় শতাধিক ছাত্রী অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শোনে। ভবিষ্যতে তারাও রক্তদানে এগিয়ে আসবে বলে আগ্রহ প্রকাশ করে।

সভাটি অত্যন্ত ফলপ্রসূ ও আকর্ষণীয় হয়েছে বলে ফোরামের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *