কাছাড়ে দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা, জেলা দক্ষতা কমিটির বৈঠক

Spread the news

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : জেলার যুবসমাজকে দক্ষতা প্রশিক্ষণের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কাছাড়ে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয়েছে। মঙ্গলবার শিলচরে জেলা কমিশনার কার্যালয়ের পুরনো সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা কমিশনার মারিয়া তানিমের উপস্থিতিতে জেলা দক্ষতা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে জেলার সামগ্রিক দক্ষতা উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আইটিআই শ্রীকোণায় পিএম সেতু (PM SETU) প্রকল্পের বাস্তবায়ন, কর্মসংস্থান বিনিময় কেন্দ্র, জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র এবং শ্রম দপ্তরের সহযোগিতায় ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম (NAPS) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া দক্ষতা প্রশিক্ষণে জেলার যুবক-যুবতীদের আরও বেশি করে সম্পৃক্ত করতে কাছাড়ে প্রস্তাবিত নর্থ ইস্ট স্কিল সেন্টার এবং সিএম ফ্লাইট স্কিম ক্যাম্পাস স্থাপনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে সরকারি প্রতিষ্ঠানগুলিতে সেন্টার অফ এক্সিলেন্স গড়ে তোলার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে জেলা সমাজকল্যাণ আধিকারিক পিএমকেভিওয়াই-এর অধীন নব্যা ২.০ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের অন্তর্ভুক্ত করার কৌশল তুলে ধরেন। পাশাপাশি জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের (ডিআইসিসি) মাধ্যমে পিএম বিশ্বকর্মা ২০২৬-২৭ প্রকল্পের অধীনে উন্নত প্রশিক্ষণ প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।

এদিন বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, শিলচর এবং এনআইএটিআরআইপি (NATRIP), উধারবন্দের অধিকর্তারা। এছাড়া জন শিক্ষণ সংস্থান, ডিআইসিসি ও আইটিআই-এর প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। জেলার দক্ষতা উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা, প্রশিক্ষণের পরিধি বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে তাঁরা বিভিন্ন মূল্যবান পরামর্শ দেন।

জেলার যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে তোলার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল যাতে আরও বেশি সংখ্যক যুবক-যুবতীর কাছে পৌঁছায়, সে বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *