অশোক সিংহলের জন্মশতবর্ষ উপলক্ষে শিলচরে বছরব্যাপী কর্মসূচির সূচনা, সংবর্ধিত ৩৫ করসেবক

Spread the news

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি তথা রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক প্রয়াত অশোক সিংহলের জন্মশতবর্ষ উপলক্ষে শিলচরে বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রবিবার শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে ৩৫ জন করসেবককে সংবর্ধনা জানিয়ে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সংগঠক সাধনানন্দজী মহারাজ। মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মন্ত্রী গোপালজী নাগরকট্টে। বিশেষ অতিথি ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক, গুয়াহাটি ক্ষেত্রের সংগঠন মন্ত্রী ড. দিনেশ তিওয়ারি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চৌথাওয়ালে, ধর্মপ্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, সমাজসেবী তথা প্রান্ত কার্যালয় নির্মাণ সমিতির অধ্যক্ষ উদয় শঙ্কর গোস্বামী, জনজাতি সুরক্ষা মঞ্চের লক্ষীপুর সমজিলার উপদেষ্টা বীরেন্দ্র চন্দ্র ডাওলাগপু-বর্মন, রাম কথা কুঞ্জ অযোধ্যার মুখ্য শিল্পী রঞ্জিত মণ্ডল, বর্ষীয়ান সন্ত ঋতুবিজয় গোস্বামী, পরিষদের প্রান্তের উপাধ্যক্ষা অসীমা ভট্টাচার্য এবং দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি জয়শ্রী খের্ষা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত মন্ত্রী গোপীব্রত গোস্বামী।

বক্তারা তাঁদের বক্তব্যে অশোক সিংহলের জীবনাদর্শ, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব এবং হিন্দু সমাজের ঐক্য ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। বিশেষভাবে রাম জন্মভূমি আন্দোলনে তাঁর অবদানের প্রসঙ্গ উঠে আসে। তাঁদের মতে, দীর্ঘ কয়েক দশক ধরে সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি যে কর্মনিষ্ঠা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উল্লেখ্য, ১৯২৬ সালের ২৭ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের আগ্রায় জন্মগ্রহণ করেন অশোক সিংহল। ছাত্রজীবন থেকেই দেশ ও সমাজের প্রতি তাঁর আগ্রহ ছিল। পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে থেকে সংগঠনকে দেশ-বিদেশে বিস্তৃত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক হিসেবে জাতীয় স্তরে পরিচিতি লাভ করেন তিনি। ২০১৫ সালের ১৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আগামী এক বছর ধরে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের মাধ্যমে অশোক সিংহলের জীবন, কর্ম, আদর্শ এবং সাংগঠনিক অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ৩৫ জন করসেবককে সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে তাঁদের অবদানকেও বিশেষভাবে সম্মান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *