রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : কাটিগড়ার সিন্দুরায় বনভোজন সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ বছর বয়সি যুবক অনিক নাথের। এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সুরজিৎ নাথ, বিশ্বজিৎ নাথ ও অপূর্ব নাথ। মৃত ও আহত প্রত্যেকের বাড়ি বড়খলা বিধানসভা কেন্দ্রের হিয়ারাপার চান্দপুর গ্রামে।

জানা গেছে, রবিবার বনভোজন শেষে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালাইন পুলিশ। পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় ১৮ বছরের অনিক নাথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে। অনিকের বাবার নাম মিটন নাথ। জানা গেছে, মা-বাবার একমাত্র সন্তান ছিল সে। অল্প বয়সে একমাত্র সন্তানকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছে পরিবার।
বনভোজনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হওয়ায় হিয়ারাপার চান্দপুর গ্রামজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।



