
১ নভেম্বর : ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। এদিকে শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লিগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লিগ, যুবলিগ ও ছাত্রলিগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-র মিরপুর বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান। তিনি জানান, গত কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তবে গতকাল থেকে আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ডিসি রাকিব খানের অভিযোগ, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লিগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালাচ্ছে। আন্দোলনস্থল থেকে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



