৩১ অক্টোবর : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দেশজুড়ে পালিত হল রাষ্ট্রীয় একতা দিবস। এই উপলক্ষে গুজরাটের একতা নগরে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই ‘দিমাগি নকশাল’ প্রসঙ্গ তুলে ধরে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সরব হন তিনি। একইসঙ্গে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকেও তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী।

একতা নগরের প্যারেড গ্রাউন্ডে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। তাঁকে ছাড়া বর্তমান ভারতকে কল্পনা করা কঠিন। দেশভাগের পর দেশের অখণ্ডতা রক্ষা এবং বিভিন্ন দেশীয় রাজ্যকে একত্রিত করার ক্ষেত্রে প্যাটেলের অবদান স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, সর্দার প্যাটেল শুধু ভৌগোলিকভাবে ভারতকে ঐক্যবদ্ধ করেননি, বরং সমগ্র জাতিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছিলেন।
এরপরই ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব হন মোদি। তাঁর অভিযোগ, এই শক্তিগুলি দেশে অস্থিরতা সৃষ্টি, গুজব ছড়ানো এবং আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এ কাজে সমাজমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দেশের নাগরিকদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিরোধী দলগুলিকে নিশানা করে মোদি অভিযোগ করেন, তারা নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে দেশকে বিভক্ত করার রাজনীতিতে লিপ্ত হয়েছে। তাঁর মতে, সুস্থ বিরোধিতার পরিবর্তে বাধা সৃষ্টি করাকেই বিরোধীরা রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে। দেশের মানুষের মধ্যে বিভাজন ও সংঘাত উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।

কংগ্রেস-সহ বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার হতাশা থেকেই বিরোধীদের এই মনোভাব তৈরি হয়েছে। বিদেশের মাটিতে কার সঙ্গে কার বৈঠক হচ্ছে এবং কোন ভারতবিরোধী শক্তি তাদের সমর্থন জোগাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় সকলকে একজোট হয়ে এই ধরনের শক্তির মোকাবিলা করার আহ্বান জানান মোদি।



