সুপারি পাড়তে গিয়ে পড়ে আরও এক শিশুর প্রাণ গেল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আরও এক শিশুর মৃত্যু হলো। মালুয়ার পর শনিবার বিকেলে পাথারকান্দি থানাধীন ফরিদকোনা-আছিমগঞ্জ জিপির পানিঘাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর নাম আব্দুল হামিদ (১০)। তার অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রাক্তন গ্রুপ সদস্য বদরুল হক লস্করের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ প্রতিবেশীর বাড়িতে কয়েকজন সহপাঠীর সঙ্গে সুপারি পাড়তে গিয়েছিল আব্দুল হামিদ। সে গাছে ওঠার পর অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি। আচমকা এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তার সহপাঠী ও আশপাশের লোকজনের মধ্যে।

পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত অ্যাম্বুল্যান্সে করে আহত শিশুটিকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে আব্দুল হামিদকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের নির্দেশে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার সন্ধ্যায় শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, মৃত আব্দুল হামিদের বাবা জুবাইর উদ্দিন পেশায় একজন দিনমজুর। পরিবারের ছোট্ট সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বজনেরা। যে বয়সে পড়াশোনা, খেলাধুলা আর বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সেই মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল শিশুটির প্রাণ।

আব্দুল হামিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পানিঘাট গ্রামজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, এদিন সকালে মালুয়ার রুজাইল আহমদ নামে এক কিশোর গাছে ওঠার পর আচমকাই গাছের একটি অংশ ভেঙে গেলে নিচে পড়ে যায় সে। দুর্ভাগ্যবশত, বাড়ির পাশের সীমানার দেওয়ালে বেরিয়ে থাকা একটি রড তার গলায় ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *