শরীফনগরে নাইট ফুটবলের সূচনা, উদ্বোধনী ম্যাচে জয়ী মাসুম এফসি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : উৎসবমুখর পরিবেশে শরীফনগরে শুরু হলো ফাইভ-এ-সাইড নাইট নকআউট ফুটবল প্রতিযোগিতা। শরীফনগর ইয়থ বয়েজ ক্লাবের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭টায় স্থানীয় মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী ম্যাচেই গোলের বন্যা বইয়ে দিয়ে লঙ্গাই ফাইটার ক্লাবকে ৬-১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল শরীফনগর মাসুম এফসি।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মেদল-শরীফনগর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি ময়নুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ধারাভাষ্যকার বিক্রমাদিত্য দাস, সমাজসেবী খয়রুল আলম চৌধুরী, মেম্বার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, প্রাক্তন ফুটবলার আতিকুর রহমান এবং খেলা পরিচালন কমিটির সভাপতি ফয়জুর রহমান-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ এলাকায় ফুটবলের প্রসার, নতুন প্রতিভার বিকাশ এবং যুবসমাজকে নেশামুক্ত রাখতে খেলাধুলার গুরুত্বের ওপর জোর দেন। তাঁদের মতে, এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মাসুম এফসি। দলের দুই তারকা খেলোয়াড় কমরুল ইসলাম ও সুলতান আহমেদ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রত্যেকেই হ্যাটট্রিক করেন। তাঁদের জোড়া হ্যাটট্রিকের সুবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে ৬টি গোল আদায় করে নেয় মাসুম এফসি। অন্যদিকে, লঙ্গাই ফাইটার ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন জিদান আহমেদ। শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাসুম এফসি।

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম, সামাদ ও মুন্না। ধারাভাষ্য দেন বিক্রমাদিত্য দাস ও খয়রুল আলম চৌধুরী।
প্রতিযোগিতার প্রথম দিনেই মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শরীফনগরজুড়ে তৈরি হয় ফুটবল উৎসবের আবহ। আয়োজকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা আগামী দিনে গ্রামীণ ফুটবলের প্রসার এবং নতুন প্রতিভা তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *