বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : জনজাতীয় পরিবারগুলির ভূমির অধিকার সুরক্ষিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা। এই লক্ষ্যকে সামনে রেখে বুধবার ডিব্রুগড়ে অবস্থিত মুখ্যমন্ত্রীর সচিবালয়ে লখিমপুর, ধেমাজি ও মাজুলির বিভিন্ন জনজাতীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে মিশন বসুন্ধরার বাস্তবায়ন এবং জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে ভূমি নিষ্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া, যোগ্য জনজাতীয় পরিবারগুলিকে সর্বোচ্চ ৫০ বিঘা পর্যন্ত জমি বরাদ্দ দেওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব সহকারে আলোচিত হয়। পাশাপাশি, মিশন বসুন্ধরা ২.০ ও ৩.০-এর অধীনে নিষ্পত্তি না হওয়া মামলাগুলি মিশন বসুন্ধরা ৪.০-এর আওতায় পুনরায় পর্যালোচনা করার বিষয়েও আলোচনা করা হয়।

জনজাতীয় পরিবারগুলির ভূমির অধিকার নিশ্চিত করা এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধানের মাধ্যমে তাঁদের স্বার্থ সুরক্ষিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।




