নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে ২০-২১ জুন নানা কর্মসূচি এআইডিএসও-র

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ মে : বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী দিবস উপলক্ষে আগামী ২০ এবং ২১ জুন নজরুল সঙ্গীত, আবৃত্তি নৃত্য এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২০ মে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নজরুল স্মরণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের কথা জানান এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএসের কর্মকর্তারা। যৌথ উদ্যোগে এই আয়োজন বলে জানান কর্মকর্তারা। 

উল্লেখ্য, মঙ্গলবার ১১ জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী দিবস উপলক্ষে শ্রীভূমির শম্ভুসাগর পার্কের নজরুল ব্রোঞ্জ মূর্তির পাদদেশে সকাল ৮ টায় কবিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএসের পক্ষে পিকলু দাস, গীতিমালা ভট্টাচার্য, সুজিতকুমার পাল, সঞ্চিতা শুক্ল, জয়দেব দাস, বাবলি দাস সহ অন্যান্যরা। এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রজ্জ্বল দেবও উপস্থিত থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এরপর নজরুল মূর্তির পাদদেশে নজরুলের সঙ্গীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করা হয়।

উপস্থিত নজরুল প্রেমী জনসাধারণের সামনে নজরুল জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন নজরুল জন্ম শতবর্ষে করিমগঞ্জ জেলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ দের যুক্ত করে আমরা বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের যথাযোগ্য মর্যাদার সঙ্গে শতবর্ষ পালনে বর্ষব্যাপী বিশাল কর্মকাণ্ডের মাধ্যমে ১৯৯৯ সালে ১১ জ্যৈষ্ঠ নজরুলের জন্মদিনে এই ব্রোঞ্জ মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে নজরুল মূর্তির পাদদেশে কবির জন্মদিনে নজরুলপ্রেমি মানুষের বিরাট জনসমাগম হয়। যতদিন যাচ্ছে নজরুলপ্রেমি জনসাধারণের ভিড় বাড়তেই চলেছে। আজকের দিনে নজরুলের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যেভাবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প আজ অত্যন্ত সুকৌশলে শাসক গোষ্ঠীর অঙ্গুলি হেলনে সমাজ অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে, এই অবস্থায় গভীরভাবে নজরুল চর্চা করা অতীব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নজরুলের মূর্তি প্রতিষ্ঠার পর থেকে নজরুল চর্চা জেলাব্যাপী বেশ গুরুত্ব পেয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *