১৫ অক্টোবর : আমেরিকার মাটিতে ফের হিন্দু মন্দির ও প্রবাসী ভারতীয়দের নিশানা করার এক ভয়াবহ ষড়যন্ত্র বানচাল করল আইন প্রয়োগকারী সংস্থাগুলি। ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো এলাকার অরোরা অঞ্চলে একটি হিন্দু উপাসনালয়ে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত যুবকের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। সে ইলিনয়ের প্যালাটাইন এলাকার বাসিন্দা। মার্কিন গোয়েন্দা ও পুলিশ প্রশাসনের যৌথ পদক্ষেপে এই বড় ধরনের নাশকতার ছক নস্যাৎ করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের কাছ থেকে একটি উগ্রপন্থী ও বর্ণবিদ্বেষী ম্যানিফেস্টো উদ্ধার করা হয়েছে।
বর্তমানে হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব নবরাত্রি ও শারদোৎসব চলছে। ঠিক এমন একটি উৎসবের মরসুমে এই নাশকতার ছক সামনে আসার ফলে মার্কিন প্রবাসী হিন্দু ও ভারতীয় সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।




