মোবাইল চুরি করতে গিয়ে ধরা, চলন্ত ট্রেনের জানলায় ঝুলিয়ে রাখার পর প্ল্যাটফর্মে ফেলে দিলেন যাত্রীরা!

Spread the news

১৫ অক্টোবর : চলন্ত ট্রেনে বসে থাকা এক যাত্রীর মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক তরুণ। এরপর তাঁকে চলন্ত ট্রেনের জানলায় ঝুলিয়ে বেশ কিছুটা পথ নিয়ে যান যাত্রীরা। পরে প্ল্যাটফর্মে পা ঠেকতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। ফলে প্ল্যাটফর্মে পড়ে যান ওই তরুণ। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি বিহারের ভাগলপুর জেলার শিবনারায়নপুর রেল স্টেশনের বলে জানা গিয়েছে।

ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, স্টেশন ছেড়ে ধীরে ধীরে গতি বাড়াচ্ছে একটি ট্রেন। সেই সময় ট্রেনের একটি জানলা থেকে ঝুলে রয়েছেন এক তরুণ। ভিতরে বসে থাকা কয়েক জন যাত্রী তাঁর হাত শক্ত করে ধরে রেখেছেন। অভিযোগ, জানলা দিয়ে হাত বাড়িয়ে এক যাত্রীর মোবাইল ফোন চুরির চেষ্টা করেছিলেন ওই তরুণ। কিন্তু যাত্রীরা তাঁকে ধরে ফেলেন।

এরপর ট্রেন চলতে শুরু করলেও তরুণকে ছেড়ে দেননি যাত্রীরা। চলন্ত ট্রেনের জানলায় ঝুলন্ত অবস্থায় তাঁকে বেশ কিছুটা পথ নিয়ে যাওয়া হয়। ভিডিয়োয় তরুণের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা যায়। তাঁকে বারবার যাত্রীদের কাছে ছেড়ে দেওয়ার অনুরোধ জানাতে শোনা যায়। তবে তাঁর সেই অনুরোধে সাড়া দেননি যাত্রীরা। বরং ভিতর থেকে এক যাত্রীকে তাঁকে ছেড়ে না দেওয়ার কথা বলতে শোনা যায়।

এরপর ট্রেনের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে পা ফেলে দৌড়নোর চেষ্টা করেন ওই তরুণ। সেই সময় যাত্রীরা তাঁর হাত ছেড়ে দেন। ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্মের উপর পড়ে যান তিনি।

ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। তবে চলন্ত ট্রেন থেকে কাউকে এভাবে ঝুলিয়ে রাখা বা ফেলে দেওয়া অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *