বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : শিলচরের তারাপুর কালীমোহন রোডস্থিত শ্রী শ্রী বৈকুণ্ঠধাম আশ্রমে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকল্যাণ কামনায় চার দিনব্যাপী দুর্গাপূজা উৎসবের আয়োজন করা হয়েছে। আশ্রমের অধ্যক্ষ বিস্ময় চমক গোস্বামী জানান, আগামী ১৭ অক্টোবর, শনিবার ষষ্ঠী বিহিত অধিবাস পূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। ২১ অক্টোবর বুধবার দশমী পূজার মাধ্যমে চার দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। সম্পূর্ণ বৈদিক বিধি-বিধান মেনে দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে আশ্রম কর্তৃপক্ষ ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষকে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, মহৎ ধর্মীয় কর্মযজ্ঞ সফল করতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।



