দুই ঘণ্টা জলে লুকিয়েও শেষরক্ষা হল না চোরের, আটক

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : শিলচরের কাঁঠাল পয়েন্ট এলাকায় চুরির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা জলের মধ্যে লুকিয়ে থাকার পর গভীর রাতে পুলিশের সহযোগিতায় তাকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই থেকে তিন দিন ধরে কাঁঠাল পয়েন্ট এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছিল। চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর স্থানীয় বাসিন্দারা সতর্ক হয়ে ওঠেন। অভিযুক্তকে আটক করতে এলাকাবাসী তৎপরতা শুরু করেন।

অভিযোগ, ধরা পড়ার আশঙ্কায় ওই যুবক একটি শোরুমের পার্কিং এলাকার নিচে জলের মধ্যে লুকিয়ে পড়ে। রাত ১২টা থেকে তাকে খোঁজার চেষ্টা শুরু হয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও প্রথমে তার সন্ধান মেলেনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শেষ পর্যন্ত রাত প্রায় ২টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়। এরপর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক দিনগুলিতে একের পর এক চুরির ঘটনায় তাঁরা উদ্বিগ্ন ছিলেন। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই অভিযুক্তকে ধরার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
তবে আটক যুবক সাম্প্রতিক চুরির ঘটনাগুলির সঙ্গে সরাসরি জড়িত কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ এবং চুরির অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *