৯ অক্টোবর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল দিল্লি (Delhi) পুলিশ। শুক্রবার রাত ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট মেট্রো ও ট্রেন চলাচলে কড়াকড়ি নিয়ে সরকারের সমালোচনা করার ঠিক কয়েক ঘণ্টা পরেই এই নির্দেশিকা জারি করা হল।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও এবং এমটিএনএল-এর কাছে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, টেলিকমিউনিকেশনস (টেম্পোরারি সাসপেনশন অফ সার্ভিসেস) রুলস, ২০২৪-এর নিয়ম এবং টেলিকমিউনিকেশনস অ্যাক্ট ২০২৩-এর ধারা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।



