আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : সড়কপথ নির্মাণের কাজে ঠিকাদারকে সহযোগিতা করলে কাজের মানদণ্ড ভালো থাকে। এছাড়া কাজের মানদণ্ড ভালো রাখতে ঠিকাদারের মনমানসিকতাও অনেকটা সাফল্য এনে দেয়। কাজ ভালো হলে বিভাগীয়দের মনে উৎসাহ জাগে।
বৃহস্পতিবার সোনাই পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধনীপুর কোনারগ্রামে গজারি ব্রিজ থেকে প্রায় তিনশো মিটারের অধিক নির্মিত রাস্তা হ্যান্ডওভার ও টেকিং ওভার উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপরোক্ত মন্তব্য করেন পূর্ত বিভাগের সোনাই-ধলাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বনজিত অধিকারী।
তিনি বলেন, ৯ নম্বর ওয়ার্ডের কোণার গ্রামটি যোগাযোগ সমস্যায় ভুগছিল। সড়কপথটি নির্মাণ হওয়াতে গ্রামের পুরুষ-মহিলারা বিভাগীয়দের সম্মান জানাতে রাস্তায় জমায়েত হওয়ার দৃশ্য মনে থাকবে। ঝাকে ঝাকে উপস্থিত মহিলাদের উৎসাহ দিতে পরবর্তীতে নির্মিত রাস্তাটি সিসি ব্লক দিয়ে তৈরি করে দেওয়ার আশ্বাস দেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।

তিনি বলেন, সামাজিক কাজে মনমানসিকতা থাকা ঠিকাদার আর স্থানীয়দের সহযোগিতায় পিছপড়া এলাকায় রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। ঠিকাদার আনছারুল হক লস্কর বলেন, প্রাক্তন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার প্রচেষ্টায় রাস্তা নির্মাণ কাজে ১৫ লক্ষ টাকা বরাদ্দ হয়। পুরসভা নির্বাচনে দেওয়া প্রাক্তন বিধায়কের প্রতিশ্রুতি সফল হওয়াতে এ গ্রামের পুরুষ-মহিলারা হাঁটু কাদা থেকে রক্ষা পেয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তি শাহ আলম লস্কর বলেন, স্বাধীনতার পর হাঁটু কাদা থেকে রক্ষা পেল পিছপড়া গ্রামের মানুষ। এর জন্য ঠিকাদারসহ বিভাগীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শওকত আলি।



