বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : ত্রিপুরা থেকে অসম হয়ে বহিরাজ্যে মাদক পাচারের সম্ভাব্য রুটে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আনন্দবাজার চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে একটি চার চাকা মালবাহী গাড়ি থেকে প্রায় ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। তল্লাশি চালানোর সময় আগরতলা থেকে ধর্মনগরের দিকে আসা একটি মালবাহী গাড়ির গতিবিধি পুলিশের সন্দেহের উদ্রেক করে। গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু হলে প্রথমে স্বাভাবিক অংশ পরীক্ষা করা হয়। পরে গাড়ির ভিতরে কালো প্লাস্টিকের ট্রের নিচে বিশেষভাবে তৈরি একটি গোপন কক্ষের সন্ধান পান পুলিশকর্মীরা।
ওই গোপন কক্ষ খুলতেই একের পর এক প্যাকেট উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মোট ২০টি বান্ডিলে গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। ওজন করার পর উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ১৯৫ কেজি বলে জানা যায়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা।




