বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : বিটিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য হাগ্রামা মহিলারীর প্রাক্তন ব্যক্তিগত সহায়ক মহেশ ব্রহ্মের রহস্যজনক মৃত্যুকে ঘিরে কোকরাঝাড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪৭ বছর বয়সি মহেশ ব্রহ্মের মৃতদেহ খারগাঁওয়ের নতুন রেলওয়ে উড়ালসেতুতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দণ্ডাধিকারীর একটি দল। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, মহেশ ব্রহ্মের মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়। ফলে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত বিটিসির কার্যনির্বাহী সদস্য প্রকাশ বসুমতারী পুলিশ প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, মহেশ ব্রহ্ম দীর্ঘদিন ধরে হাগ্রামা মহিলারীর ব্যক্তিগত সহায়ক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় কোকরাঝাড় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



