লক্ষীপুর থেকে শতাধিক কর্মীর বাইক র্যালি, পুলিশ প্যারেড ময়দানে শপথ পাঠ
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একমাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বুধবার শিলচর পুলিশ প্যারেড ময়দানে ‘বিকশিত ভারত সংকল্প সভা’র আয়োজন করে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি। সভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন বিধানসভা ক্ষেত্র থেকে ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ বের করা হয়। পরে সেই যাত্রাগুলি শিলচর পুলিশ প্যারেড ময়দানে পৌঁছে মূল অনুষ্ঠানে যোগ দেয়।
অনুষ্ঠানের অঙ্গ হিসেবে লক্ষীপুর বিধানসভা কেন্দ্র থেকেও বিজেপি কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বাইক র্যালি বের হয়। র্যালিতে রাজ্যের নগর উন্নয়ন ও আবাসন এবং খাদ্য সুরক্ষা দপ্তরের মন্ত্রী কৌশিক রায় অংশ নেন। লক্ষীপুর বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে র্যালিটি শিলচর পুলিশ প্যারেড ময়দানে পৌঁছায় এবং মূল সভায় যোগ দেয়।

সভায় শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, রাজ্যসভার সদস্যা সুস্মিতা দেব, বিধায়ক ডাঃ রাজদীপ রায়, রাজদীপ গোয়ালা, কিশোর নাথ, অমিয়কান্তি দাশ, কমলাক্ষ দে পুরকায়স্থ এবং কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা-সহ দলের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেবা, জনকল্যাণ ও রাষ্ট্র নির্মাণের সংকল্পকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিতদের শপথ বাক্য পাঠ করানো হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ মূল অনুষ্ঠানে পৌঁছানোর পর সভাস্থলের পরিবেশ আরও উৎসাহমুখর হয়ে ওঠে। একই সঙ্গে বাইক র্যালির মাধ্যমে কর্মীরা সেবা, উন্নয়ন ও ‘বিকশিত ভারত’-এর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা তুলে ধরেন।



