বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : ‘স্বজাতি’ শীর্ষক দৈনিক সংবাদপত্রের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আগামী ১১ অক্টোবর নগাঁওয়ে অনুষ্ঠিত হবে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এই গৌরবময় অনুষ্ঠানে সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তরুণ সাংবাদিক শমীন্দ্র পালকে সম্মানীয় ‘সংবাদরত্ন’ উপাধিতে ভূষিত করা হবে।
সত্যনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতি তাঁর নিষ্ঠা এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জনসমাজের সামনে তুলে ধরার স্বীকৃতি হিসেবে বরাক উপত্যকার একজন সাংবাদিককে এই সম্মান প্রদান নিঃসন্দেহে সমগ্র উপত্যকার জন্য এক গৌরবের মুহূর্ত।
শমীন্দ্র পাল বর্তমানে গুয়াহাটির স্যাটেলাইট চ্যানেল ‘প্রাগ নিউজ’, ‘NE News’, শিলচরের ‘ঈশান বাংলা সংবাদ’, ‘বরাক তরঙ্গ’-সহ একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার ক্ষেত্রে তাঁর নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ‘সংবাদরত্ন’ সম্মানে সম্মানিত হতে চলেছেন সাংবাদিক শমীন্দ্র পাল।



