মখইভাঙায় অস্থায়ী সাবওয়ের নির্মাণকাজ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শ্রীভূমি জেলার মকইভাঙায় জাতীয় সড়কের বিকল সেতুর পাশে নির্মীয়মাণ অস্থায়ী সাবওয়ের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার মাঠে গিয়ে নির্মাণকাজের অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট আধিকারিক ও নির্মাণকাজে যুক্ত কর্মীদের সঙ্গে কথা বলে প্রকল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন মন্ত্রী। জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ এই অংশে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেই অস্থায়ী সাবওয়েটি নির্মাণ করা হচ্ছে।।মন্ত্রী নির্দেশ দেন, নির্মাণকাজে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নির্মাণের গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। ব্যবহৃত নির্মাণসামগ্রী থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে নির্মাণকাজ চলাকালীন পথচারী ও যানবাহন চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। ব্যস্ত জাতীয় সড়কে কাজ চলায় যানবাহন চলাচলে যাতে অযথা বিঘ্ন বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে।

দীর্ঘদিন ধরে ওই সড়কপথ ব্যবহারকারীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অস্থায়ী সাবওয়ের কাজ সম্পূর্ণ হলে মখইভাঙা ও সংলগ্ন এলাকায় যাতায়াত আরও নিরাপদ ও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রতিদিন এই পথে চলাচলকারী বাস, পণ্যবাহী গাড়ি ও অন্যান্য যানবাহনের চালকরাও দ্রুত কাজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন।

মন্ত্রীর মাঠপর্যায়ের পরিদর্শন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে অস্থায়ী সাবওয়ের নির্মাণ শেষ করার ওপরই জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *