শরৎপল্লীতে রহস্যমৃত্যু, দোকানের শাটার খুলে উদ্ধার যুবকের দেহ

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : শরৎপল্লীর উত্তরাঞ্চলের গঙ্গাপুরে এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে পুলিশের উপস্থিতিতে ‘মা মনসা ডেকোরেটার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শাটার খুলে ওই যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, দেনাপাওনা সংক্রান্ত বিরোধের জেরে রবিবার থেকে যুবকটিকে ওই প্রতিষ্ঠানের ভিতরে আটকে রাখা হয়েছিল। বিষয়টি মীমাংসার জন্য আলোচনা হলেও কোনো সমাধান হয়নি বলে পরিবারের দাবি। পরে রাতের দিকে প্রতিষ্ঠানটির মালিকপক্ষের তরফে একটি দাবি সামনে আসে বলে জানা গেছে। তবে রবিবার রাত পর্যন্ত যুবকের কোনো সন্ধান মেলেনি।

এদিকে সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা। তাঁরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেন।

যুবক কীভাবে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের ভিতরে পৌঁছালেন, কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হল এবং ঘটনার নেপথ্যে কী রয়েছে—এসব বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *