চম্পাই থেকে চুরি হওয়া R15 অসম–মিজোরাম সীমান্তে ধলাখালে আটক

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : মিজোরামের চম্পাই থেকে চুরি যাওয়া একটি R15 মোটরসাইকেল অসমে প্রবেশের আগেই অসম–মিজোরাম সীমান্তের ধলাখাল চেকপোস্টে উদ্ধার করা হয়েছে। চেকপোস্টে কর্তব্যরত কর্মীদের তৎপরতা, ধলাই থানার পুলিশ এবং স্থানীয় যুবকের সহযোগিতায় বাইকটি আটক করা সম্ভব হয়। পরে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে মোটরসাইকেলটি চম্পাইয়ের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, ৩ অক্টোবর ভোর প্রায় ৬টা নাগাদ MZ-01X-7383 নম্বরের R15 মোটরসাইকেলটি মিজোরামের সাইফাইয়ের দিক থেকে দ্রুতগতিতে ধলাখাল চেকপোস্টের দিকে আসে। কর্তব্যরত কর্মীরা থামার সংকেত দিলেও বাইকটি না থামিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ কর্মীদের সঙ্গে স্থানীয় যুবক রাজা বর্মন বাইকটির পিছু নেন। পরে মোটরসাইকেলটি আটক করা সম্ভব হলেও চালক ও তাঁর সঙ্গে থাকা আরোহী পালিয়ে যায়।

এরপর মোটরসাইকেলটির নম্বর ও মালিকানার তথ্য যাচাই করতে গিয়ে জানা যায়, বাইকটি ২ অক্টোবর রাতে মিজোরামের চম্পাই এলাকা থেকে চুরি হয়েছিল। এ ঘটনায় মিজোরামের ভিভিকে থানায় জিডি নথিভুক্ত করা হয়েছিল বলে জানা গেছে।
খবর পেয়ে চম্পাইয়ের বাসিন্দা ও মোটরসাইকেলটির প্রকৃত মালিক লালরিনথাঙ্গা ধলাখাল বিওপিতে উপস্থিত হন। নথিপত্র ও মালিকানার তথ্য যাচাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাঁর হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনায় ধলাই থানার অফিসার-ইন-চার্জ সর্বেশ্বর কুওর, সাব-ইন্সপেক্টর অভিনাশ বর্মন এবং স্থানীয় যুবক রাজা বর্মনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গেছে।
চম্পাই থেকে চুরি যাওয়ার পর মোটরসাইকেলটি সীমান্তের দিকে নিয়ে আসা হলেও ধলাখাল চেকপোস্টে নজরদারির কারণে অসমে প্রবেশের আগেই সেটি আটক করা সম্ভব হয়। ঘটনাটি সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তার গুরুত্বও সামনে এনেছে।
এদিকে, উদ্ধার হওয়া।

মোটরসাইকেলটির সূত্র ধরে চুরির ঘটনায় আরও কেউ জড়িত কি না, কিংবা এর সঙ্গে আন্তঃরাজ্য কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে বাইকটি উদ্ধার হলেও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা এখনও অধরা। তাদের শনাক্ত করে গ্রেফতার করাই এখন পুলিশের পরবর্তী লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *