বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর অভিযানে পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ (PIO)-এর নির্দেশে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩১ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম অভিষেক কুমার সিং। গুয়াহাটির সাতগাঁও থানার অন্তর্গত গান্ধীনগর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে STF তাঁকে গ্রেফতার করে।
অভিযোগ, পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভের নির্দেশে অভিষেক কুমার সিং বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন। অভিযানের পর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে STF। তাঁর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত অভিষেক কুমার সিংয়ের বাড়ি বিহারের পূর্ব চম্পারণ জেলায়। গ্রেফতারের পর তাঁর যোগাযোগ, কার্যকলাপ এবং কথিতভাবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে।




