বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও নির্বিঘ্নেই সম্পন্ন হল শিলচর পুর নিগম নির্বাচনের ভোটগ্রহণ। কাছাড় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার মধ্যে ৪০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। দিনের শুরুতে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি ঘটে এবং ভোটারদের ভিড় বাড়তে থাকে। সকাল ১০টার পর বেশ কয়েকটি ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনও দেখা যায়।
ভোটগ্রহণ চলাকালীন কয়েকটি কেন্দ্রে ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেলেও প্রশাসন ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। সামগ্রিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এদিন ১ থেকে ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন দলের ও নির্দল প্রার্থীরাও নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী বিকেল সাড়ে চারটা পর্যন্ত ওয়ার্ডভিত্তিক ভোটদানের হার ছিল—১ নম্বর ওয়ার্ডে ৭৮ শতাংশ, ২ নম্বরে ৭৬, ৩ নম্বরে ৬৯, ৪ নম্বরে ৬৮, ৫ নম্বরে ৬২, ৬ নম্বরে ৬৫, ৭ নম্বরে ৬৮, ৮ নম্বরে ৬৬, ১০ নম্বরে ৫৫, ১১ নম্বরে ৫৭, ১২ নম্বরে ৫৮, ১৩ নম্বরে ৬৩, ১৪ নম্বরে ৬১, ১৫ নম্বরে ৬৮, ১৬ নম্বরে ৭০, ১৭ নম্বরে ৭৩, ১৮ নম্বরে ৬৯ এবং ১৯ নম্বরে ৬০ শতাংশ।
এছাড়া ২১ নম্বর ওয়ার্ডে ৫৫, ২২ নম্বরে ৫০, ২৩ নম্বরে ৬৩, ২৪ নম্বরে ৬৫, ২৫ নম্বরে ৭২, ২৬ নম্বরে ৬৬, ২৭ নম্বরে ৬৮, ২৮ নম্বরে ৬০, ২৯ নম্বরে ৬১, ৩০ নম্বরে ৫৯, ৩১ নম্বরে ৫৮, ৩২ নম্বরে ৬৬, ৩৩ নম্বরে ৫৮, ৩৪ নম্বরে ৫৫, ৩৫ নম্বরে ৫২, ৩৬ নম্বরে ৬২, ৩৭ নম্বরে ৬৬, ৩৮ নম্বরে ৫৬, ৩৯ নম্বরে ৬৩, ৪০ নম্বরে ৬৬, ৪১ নম্বরে ৬২ এবং ৪২ নম্বরে ৬৮ শতাংশ ভোট পড়েছে।
প্রশাসন, পুলিশ, ভোটকর্মী এবং সাধারণ ভোটারদের সহযোগিতায় শিলচর পুর নিগমের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। এখন ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা।



