৩ অক্টোবর : আজ শনিবার ভারতের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। ২২ গজের ফের একবার দেখা যাবে ভারত পাক্সিতান মহারণ। তবে তার আগেই সোনা জয় দিয়ে শুরু হয়েছে যাত্রা। ঠিক যেন স্বপ্নের মতো প্রত্যাবর্তন। মাত্র ১৭ বছর বয়সেই এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস লিখলেন ভারতের তরুণ তিরন্দাজ কুমকুম মোহদ।
মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ আর্চারিতে প্রথমবার সোনা জিতল ভারত। তিনি এশিয়ান গেমসে মহিলাদের রিকার্ভ ফাইনালে আর্চারি ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ওহ ইয়েজিনকে ৬-৫ ব্যবধানে পরাজিত করেছেন।
এই ঐতিহাসিক সাফল্যের হাত ধরেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করলেন কুমকুম মোহদ। দক্ষিণ কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন মহারাষ্ট্রের এই তরুণী। শনিবার এশিয়ান গেমসের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ইয়ে-জিন ওহের মুখোমুখি হয়েছিলেন কুমকুম। পাঁচ সেটের লড়াই শেষে দু’জনের স্কোর দাঁড়ায় ৫-৫। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য আয়োজন করা হয় টাইব্রেকারের। আর সেখানেই অসাধারণ স্নায়ুর জোর দেখান ভারতীয় তিরন্দাজ। শ্যুট-অফে প্রথমে ৮ পয়েন্ট পান দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। জবাবে নিখুঁত নিশানায় ১০ পয়েন্ট তুলে নেন কুমকুম। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ঐতিহাসিক সোনা। ৬-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের নজির গড়েন তিনি।
ফাইনালের শুরুটা অবশ্য একেবারেই সহজ ছিল না কুমকুমের জন্য। প্রথম সেটে ২৯-২৭ ব্যবধানে জিতে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার ইয়ে-জিন। দ্বিতীয় সেট ড্র হওয়ায় স্কোর দাঁড়ায় ৩-১। এরপর তৃতীয় সেটে পরপর তিনটি ১০ মেরে দুরন্ত প্রত্যাবর্তন করেন কুমকুম। চতুর্থ সেটে ফের পিছিয়ে পড়লেও শেষ সেটে নিখুঁত ৩০ পয়েন্ট তুলে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান তিনি। উল্লেখ্য, চলতি এশিয়ান গেমসে এটি কুমকুমের দ্বিতীয় সোনা এবং মোট তৃতীয় পদক। এর আগে মহিলাদের রিকার্ভ দলগত বিভাগে অঙ্কিতা ভকত ও কীর্তি শর্মার সঙ্গে সোনা জিতেছিলেন তিনি। পাশাপাশি ধীরজ বোম্মাদেভারার সঙ্গে মিক্সড রিকার্ভ বিভাগে জিতেছিলেন রুপো।



