শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার কাটিগড়ার সিদ্ধেশ্বর প্রগতি সংঘের উদ্যোগে ‘মাই ভারত’ (My Bharat/Mera Yuva Bharat), কাছাড়ের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গান্ধী জয়ন্তী উদযাপন করা হয়।
সেমিনার, কুইজ, বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযানের মাধ্যমে মহাত্মা গান্ধীকে স্মরণ
অনুষ্ঠানের শুরুতে কাটিগড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি অসীম দত্ত প্রদীপ প্রজ্বালন করে কর্মসূচির শুভ সূচনা করেন। অনুষ্ঠানে সিদ্ধেশ্বর প্রগতি সংঘের সভাপতি গৌতম ভট্টাচার্য, সম্পাদক দিব্যজ্যোতি দাস, শানু চৌধুরী, অমলেন্দু মালাকার-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত সেমিনার ও বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা, অহিংসা ও সত্যাগ্রহের আদর্শ এবং বর্তমান সময়ে গান্ধীয় চিন্তাধারার প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন। সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গান্ধীজির আদর্শ আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে বক্তারা মত প্রকাশ করেন।
এর পাশাপাশি স্বচ্ছ ও সুস্থ সমাজ গড়ে তুলতে পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে যুবসমাজকে মাদকদ্রব্য থেকে দূরে রাখার উদ্দেশ্যে ‘নেশামুক্ত ভারত’ অভিযানকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে স্থানীয় যুবক-যুবতী এবং সংঘের সদস্যদের সহযোগিতায় এলাকায় স্বচ্ছতা অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ সংরক্ষণের বার্তা সমাজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

অন্যদিকে, স্থানীয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ গান্ধী জয়ন্তী উদযাপনকে এক প্রাণবন্ত রূপ দেয়।
সামাজিক সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, স্বচ্ছতা এবং নেশামুক্ত সমাজ গঠনের বার্তা বহনকারী এই কর্মসূচির মাধ্যমে গান্ধীজির আদর্শকে শুধু স্মরণ করাই নয়, দৈনন্দিন জীবনে সেই আদর্শের প্রয়োগের ওপরও গুরুত্ব আরোপ করা হয়।



