বরাক তরঙ্গ, ২ অক্টোবর : মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী এবং ‘সেবা সংকল্প অভিযান’-কে সামনে রেখে কাছাড়ের কাশীপুরে পরিবেশ সংরক্ষণ ও মানবসেবার বার্তা নিয়ে একাধিক কর্মসূচির আয়োজন করল ১৪৭ ব্যাটালিয়ন সিআরপিএফ। ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের পাশাপাশি জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
২ অক্টোবর কাশীপুরে ১৪৭ বিএন সিআরপিএফ ক্যাম্পে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ এবং শিলচরের লোকসভা সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন ১৪৭ বিএন সিআরপিএফের নরেন্দ্র কে আর সারন, কমান্ড্যান্ট এম কে সিকন, চিকিৎসক ডা. কাব্য সম্বামগী, অরবিন্দ কুমার চৌবে-সহ বাহিনীর অন্যান্য আধিকারিক ও জওয়ানরা।
‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর পাশাপাশি ১ অক্টোবর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে ১৪৭ বিএন সিআরপিএফের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই কর্মসূচিতেও উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর নাথ ও সাংসদ পরিমল শুক্লবৈদ্য। রক্তদান শিবিরে সিআরপিএফের আধিকারিকদের পাশাপাশি জওয়ানরাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
দেশের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি মানবসেবায় সিআরপিএফ জওয়ানদের এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। তাঁদের সংগৃহীত রক্ত প্রয়োজনে সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
পরিবেশ সংরক্ষণ এবং মানবসেবাকে একই সঙ্গে সামনে রেখে আয়োজিত এই দুই কর্মসূচির মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরে সিআরপিএফ। একদিকে বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি রক্ষার আহ্বান, অন্যদিকে রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সিআরপিএফের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।



