বরাক তরঙ্গ, ১ অক্টোবর : দু’দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে স্বাভাবিক হওয়ার পথে ভৈরবী-সাইরাং রেলপথ। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি জল, কাদা ও আবর্জনা রেললাইনে নেমে আসায় বুধবার থেকে এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাপে ধাপে ট্রেন পরিষেবা ফের চালু করার উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।
বদরপুরের অ্যারিয়া ম্যানেজার বীরেন্দ্রকুমার মিনা জানান, বৃহস্পতিবার থেকেই ওই রুটে ফের ট্রেন চলাচল শুরু হচ্ছে। প্রথমে ১৫৬১০ নম্বর সাইরাং-গুয়াহাটি এক্সপ্রেস চালানো হবে। নির্ধারিত সময় অনুযায়ী মিজোরামের সাইরাং স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টায় গুয়াহাটির উদ্দেশ্যে ছাড়ে।
উল্লেখ্য, বুধবার প্রবল বৃষ্টিপাতের জেরে ভৈরবী-সাইরাং রেলপথের হরতকি ও কাউঙপুইয়ের মধ্যবর্তী এলাকায় পাহাড় থেকে ব্যাপক পরিমাণে জলকাদা ও পাহাড়ি আবর্জনা রেললাইনের উপর নেমে আসে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। নিরাপত্তার কথা বিবেচনা করে মালিগাঁও থেকে ওই রুটের একাধিক ট্রেন বাতিল এবং কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।



