মুখ্যমন্ত্রীর নির্দেশ, তথ্য ও জনসংযোগ অধিকর্তার সঙ্গে দেখা করলেন বরাক ভ্যালি নিউজপেপার ওনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্রগুলিতে গত সাত মাস ধরে বন্ধ থাকা সরকারি বিজ্ঞাপন পুনরায় চালুর দাবিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হয়েছিল বরাক ভ্যালি নিউজপেপার ওনার অ্যাসোসিয়েশন। বুধবার শিলচরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের মহিলা সদস্যরা এ বিষয়ে তাঁর কাছে আবেদন জানান। সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনার পর মুখ্যমন্ত্রী রাজ্যের তথ্য ও জনসংযোগ অধিকর্তা মানবেন্দ্র দেবরায়কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য লিখিত নির্দেশ দেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত ওই নির্দেশপত্র বৃহস্পতিবার গুয়াহাটির তথ্য ও জনসংযোগ দফতরে গিয়ে অধিকর্তা মানবেন্দ্র দেবরায়ের হাতে তুলে দেয় বরাক ভ্যালি নিউজপেপার ওনার অ্যাসোসিয়েশন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, সদস্যদের পক্ষ থেকে বিশ্বরূপা পুরকায়স্থ এদিন স্মারকপত্র ও মুখ্যমন্ত্রীর নির্দেশপত্রটি অধিকর্তার হাতে তুলে দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রহ্মপুত্র উপত্যকার তিন সংবাদপত্র মালিক এম. ছাইফ উদ্দিন আহমেদ, প্রভাত চন্দ্র শর্মা এবং ইয়াহইয়া আহমেদ বড়ভূইয়া।

সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন তথ্য ও জনসংযোগ অধিকর্তা মানবেন্দ্র দেবরায়। তিনি বিজ্ঞাপন সংক্রান্ত দায়িত্বে থাকা আধিকারিক ত্রিবেণী হাজরিকাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এই উদ্যোগের পর রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্রগুলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি বিজ্ঞাপন শীঘ্রই পুনরায় চালু হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সংবাদপত্র মালিকরা। বিজ্ঞাপন পুনরায় চালু হলে আর্থিক সমস্যায় থাকা ছোট ও মাঝারি সংবাদপত্রগুলি কিছুটা স্বস্তি পাবে বলেও মনে করছে সংগঠন।



