বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুয়াহাটির পানিখাইতি এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে শিলচরের এক যুবকের। নিহতের নাম আব্দুল কুদ্দুস আলি। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
কী কারণে এবং কীভাবে ওই যুবক চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
এদিকে, মরিয়নিতেও বুধবার রাতে রেললাইনের উপর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রেললাইনের মাঝখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা ওই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।



