ধলাইয়ের বিদ্যারতনপুরে পুলিশের অভিযান, কোটি টাকার ইয়াবা-সহ গ্রেফতার ২

Spread the news

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাছাড় পুলিশ। ধলাইয়ের মথুরাপুর জিপির বিদ্যারতনপুর এলাকার এক বাড়িতে চালানো অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে বিদ্যারতনপুর এলাকার বাবলু লস্করের বাড়িতে অভিযান চালায় ধলাই পুলিশ। অভিযানে লায়লাপুর পুলিশের সহযোগিতাও ছিল। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাবলু সহ আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, সে বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মাদকদ্রব্যের অবৈধ চোরাচালান ও ব্যবসার বিরুদ্ধে কাছাড় পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *