সিআইটি-তে ছাত্রীদের গণ-অসুস্থতায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি এআইডিএসও-র

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর: কোকরাঝাড়ের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (সিআইটি)-র গাম্বারি গার্লস হোস্টেলে রাতের খাবার খাওয়ার পর প্রায় ৬০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিল। একইসঙ্গে জালুকবাড়ির আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের (AEC) হোস্টেলগুলিতে তীব্র জলসংকটের অভিযোগ তুলে ছাত্র-ছাত্রীদের চলমান আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছে সংগঠনটি।

আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের জলসংকট দ্রুত সমাধানেরও দাবি_____

এআইডিএসও-র রাজ্য সম্পাদক হেমন্ত পেগু এক প্রেস বিবৃতিতে অভিযোগ করেন, রাজ্যের উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতেই যদি ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা না যায়, তাহলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামোগত পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। তাঁর দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসগুলির বর্তমান পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের উদাসীনতার প্রতিফলন।
সিআইটি-র ঘটনায় অবিলম্বে একটি উচ্চপর্যায়ের ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে এআইডিএসও। ছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি রাজ্যের সমস্ত ছাত্রাবাসে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাদ্যের গুণমান নিয়মিত পরীক্ষা করার জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে। স্বচ্ছতার স্বার্থে ওই কমিটিতে ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলগুলিতে চলমান জলসংকট দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এআইডিএসও।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও মৌলিক সুযোগ-সুবিধার সঙ্গে কোনও আপস করা উচিত নয়। দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে রাজ্যজুড়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *