বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : টানা ভারি বর্ষণের জেরে ধস ও কাদা প্রবাহে ব্যাহত হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NFR) লামডিং ডিভিশনের ট্রেন পরিষেবা। কাওনপাই ও হরতকি স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইনের উপর মাটি, কাদা ও জঞ্জাল জমে যাওয়ায় সংশ্লিষ্ট অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
রেল সূত্রে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, লামডিং ডিভিশনের বদরপুর–সাইরং একক অ-বৈদ্যুতিক রেলপথের কয়েকটি অংশে প্রবল বর্ষণের প্রভাব পড়েছে। ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর ধস নেমে মাটি ও কাদা জমে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে একাধিক ট্রেনের পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকটি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণের পাশাপাশি কিছু পরিষেবা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।
রেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর কলকাতা থেকে সাইরংগামী ১৩১২৫ নম্বর এক্সপ্রেস ট্রেনটি হাইলাকান্দিতে নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর শিলচর থেকে সাইরংগামী ৫৫৬৬৯ নম্বর প্যাসেঞ্জার ট্রেনটি বদরপুর (BHRB) থেকেই নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া, ৩০ সেপ্টেম্বর সাইরং থেকে গুয়াহাটিগামী ১৫৬১০ নম্বর ট্রেনটি সাইরং–গুয়াহাটি অংশে বাতিল করা হয়েছে।
রেললাইনের ওপর জমে থাকা ধসের মাটি ও কাদা সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে রেল দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেল পরিষেবা কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আপডেট জানানো হবে বলে রেল বুলেটিনে উল্লেখ করা হয়েছে।



