বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয় পার করানোর জন্য রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। দায়িত্বে গাফিলতির অভিযোগে চার পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্ত চলাকালীন তাঁদের সাসপেনশন বহাল থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বুধবার দুপুরে শিলচরে মুখ্যমন্ত্রীর কনভয় চলাচলের সময় অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার ঘটনা সামনে আসে। বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরে সামাজিক মাধ্যমে ঘটনার জন্য সংশ্লিষ্ট রোগী ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চান তিনি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা কোনও রোগীর জীবনের চেয়ে মুখ্যমন্ত্রীর কনভয়ের যাত্রা কখনওই গুরুত্বপূর্ণ হতে পারে না। সাধারণ মানুষের যাতায়াত এবং অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার যানবাহন যাতে কনভয়ের কারণে কোনওভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল বলেও তিনি জানান।
ঘটনার দায় নির্ধারণে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে দায়িত্বে কার কী ধরনের গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য কনভয় চলাচলের সময় অতিরিক্ত পুলিশ সুপার ও ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের বার্তা, মুখ্যমন্ত্রীর কনভয় চলাচলের নিয়ম মেনে চলার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধা ও জরুরি পরিষেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নির্দেশ অমান্য করে গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



