এক বছরের মধ্যে শিলচর শহরের সব রাস্তা ঠিক হয়ে যাবে : হিমন্ত বিশ্ব শর্মা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরাক উপত্যকার সচিবালয় কার্যালয়ে এলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার কাছাড় জেলার শ্রীকোণায় অসম সচিবালয় বরাক উপত্যকা কার্যালয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশ নেন তিনি। এদিন সচিবালয় কার্যালয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং দুই শতাধিক সাধারণ মানুষের সঙ্গেও মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প, প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন তিনি।

পর্যালোচনা বৈঠকে বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আলোচনায় যতটুকু সময়ের প্রয়োজন ছিল তেমন হয়নি। একদিকে কোড অব কন্ডাক্ট রয়েছে, আরেক দিকে জনসভায় অংশ নেওয়ার কথাও রয়েছে। পুজোর পর এসে চলতে থাকা প্রকল্পগুলো নিয়ে পর্যালোচনা করবেন। কাজগুলো দ্রুত যেন সম্পন্ন করা হয় সেবিষয়ে দেখবেন। মুখ্যমন্ত্রী শিলচর শহরের রাস্তাঘাট নিয়ে বলেন, একসঙ্গে সবক’টি রাস্তার শুরু করায় এই বেহাল অবস্থা হয়েছে। তিনি বলেন, এক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। বৈঠকের পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী জনগণের সঙ্গে মিলিত হন। এরপর পুর নির্বাচনের এক জনসভায় অংশ নেন।

এদিকে, বুধবার দুপুরে কুম্ভিরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত জানান স্থানীয় বিধায়ক, সাংসদ এবং দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রীর বরাক সফরকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *