পিস্তলসহ পুলিশের জালে ভিনরাজ্যের ৩ যুবক, উদ্ধার লক্ষ টাকা

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : ৯ এমএম পিস্তল ও নগদ প্রায় ১ লক্ষ টাকা-সহ ভিনরাজ্যের তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কামরূপ জেলার কচরুয়া এলাকায়। জানা গিয়েছে, কচরুয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে তিন যুবক। তাঁদের তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম পিস্তল এবং প্রায় ১ লক্ষ টাকা উদ্ধার করা হয় বলে দাবি স্থানীয়দের। পরে তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ধৃত যুবকদের নাম বিশাল মরিয়া, কুলদীপ মরিয়া এবং আকাশ মরিয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও নগদ টাকার উৎস কী, সেইসঙ্গে কী উদ্দেশ্যে তাঁরা কচরুয়া এলাকায় এসেছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *