উদয়পুরে গুলিকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তিপ্রা মথার

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের উপর গুলিচালনার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তিপ্রা মথা। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে সচিব অনুরাগ সেনের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রতিনিধিরা এ বিষয়ে ডেপুটেশন দেন।

প্রতিনিধি দলে ছিলেন টিটিএএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা, এমডিসি প্রাথমিত দেববর্মা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, গুলিকাণ্ডে জড়িত হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ঘটনাটি যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে দলের বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

রঞ্জিত দেববর্মার দাবি, আহত কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে শনাক্ত করেছেন এবং তাঁদের সম্পর্কে পুলিশ প্রশাসনকে তথ্যও দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, দলের নেতারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
গুলিকাণ্ডে পুলিশ সদস্যরাও আহত হওয়ার প্রসঙ্গে বিধায়ক বলেন, নির্বাচনকেন্দ্রে এ ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *