নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : সোনাই পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নজরুল সরণিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে সর্বস্বান্ত হওয়া দুই পরিবারের পাশে দাঁড়ালেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম ও স্থানীয় সমাজসেবী আতাবুর রহমান লস্কর।
গত বৃহস্পতিবার গভীর রাতে নজরুল সরণিতে বিধ্বংসী আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায় জালাল উদ্দিন লস্কর ও তাঁর ভাই তাহের আহমেদ লস্করের বসতবাড়ি। আগুনে দুই পরিবারই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।
সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাঁদের পুড়ে যাওয়া বাড়িতে যান শেখ সাহারুল আলম ও আতাবুর রহমান লস্কর। ব্যক্তিগত উদ্যোগে তাঁরা অস্থায়ী ঘর নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে টিন ও আর্থিক সহায়তা তুলে দেন।
এদিন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম জানান, ক্ষতিগ্রস্ত দুই পরিবার যাতে দ্রুত সরকারি আবাসন সুবিধা পায়, সে বিষয়ে পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তাঁদের পাকা ঘর পাইয়ে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সহায়তা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার এক্সিকিউটিভ অফিসার যুগানন্দ চেতিয়া, সিপিএম বিকাশ মেহেরা, প্রাক্তন ওয়ার্ড কমিশনার রামকৃষ্ণ নাথ-সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অগ্নিকাণ্ডের পর প্রশাসনিক ও সামাজিক স্তরে এই সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে ক্ষতিগ্রস্ত দুই পরিবার।



