লাহরিঘাটে নৌকাডুবিতে নিখোঁজ দু’জনের সন্ধান এখনও মেলেনি, খোঁজ নিলেন জেলা কমিশনার সৃষ্টি সিং

Spread the news

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাটে এক শোকাবহ নৌকা দুর্ঘটনায় দু’জন লোক নিখোঁজ রয়েছেন। জানা গেছে, রবিবার সন্ধ্যায় লাহরিঘাটের তিনসুকিয়া মহমারায় ব্রহ্মপুত্র নদী পার হওয়ার সময় দুর্ঘটনাটি সংঘটিত হয়। এই দুর্ঘটনায় নৌকাতে থাকা ১১ জন যাত্রীর মধ্যে ৯ জন লোককে জীবিত উদ্ধার করা হয় । তবে বর্তমান সময় পর্যন্ত দু’জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুজন ব্যক্তি যথাক্রমে লাহরিঘাটের বটাবরী গ্রামের আফিয়া বেগম (২৫) এবং বেলবড়ি গ্রামের সাইদুল ইসলাম (৫০) বলে জানা গেছে।

উল্লেখ্য , ব্রহ্মপুত্র  নদীভাঙন গ্রস্ত লোকেরা চর অঞ্চলে দিনভর কৃষিকাজ করে সন্ধ্যায় নৌকায় ব্রহ্মপুত্রের স্রোত পার হওয়ার সময় দুর্ঘটনাটি সংঘটিত হয়। পরবর্তী সময়ে লাহরিঘাট পুলিশ, ভূরাগাঁও রাজস্ব চক্রের চক্র আধিকারিকসহ এসডিআরএফ বাহিনী উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এই শোকাবহ নৌকা দুর্ঘটনার পর মরিগাঁও জেলার জেলা কমিশনার সৃষ্টি সিং সোমবার ভূরাগাঁও রাজস্ব চক্রের অন্তর্গত মহমারী পথার গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির খোঁজ নেন। জেলা কমিশনারের সঙ্গে অতিরিক্ত জেলা কমিশনার  রাকেশ ডেকা, ভূরাগাঁও সার্কল অফিসার মৃদুল নাথ, এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় জেলা কমিশনার উদ্ধার ও অনুসন্ধান অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং অভিযানে নিয়োজিত আধিকারিক ও কর্মচারীদের কাছ থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করেন। এছাড়াও, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারবর্গের জন্য গৃহীত ব্যবস্থাসমূহ সম্পর্কেও খোঁজ নেন এবং অনুসন্ধান অভিযান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সমন্বিত ও অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *