‘ব্ল্যাকলিস্টেড’ নাটকে সাংবাদিকতার জীবনসংগ্রাম

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : নর্থ লখিমপুর প্রেস ক্লাবের অন্দরমহলের নানা কথোপকথন এবার মঞ্চে উঠে এল নর্থ লখিমপুর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে। সাংবাদিকদের সততা, জীবনসংগ্রাম, সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা ও আত্মসমালোচনার বিভিন্ন দিক তুলে ধরে দর্শকদের নজর কাড়ল ‘ব্ল্যাকলিস্টেড’ নাটক। রবিবার সন্ধ্যায় নর্থ লখিমপুর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে নাটকটি মঞ্চস্থ করা হয়।

একঘেয়ে কর্মজীবন থেকে কিছুটা বিরতি নিয়ে প্রেস ক্লাবের সাংবাদিকরাই মঞ্চস্থ করেন নাটকটি। সাংবাদিকের লেখা, সাংবাদিকের পরিচালনা এবং সাংবাদিকদের অভিনয়ে তৈরি ‘ব্ল্যাকলিস্টেড’-এর কাহিনিও আবর্তিত হয়েছে সাংবাদিকদের জীবনকে ঘিরে। ফলে নাটকটি নিছক বিনোদন নয়, বরং সাংবাদিকদের পেশাগত জীবন ও বাস্তবতার এক প্রতিচ্ছবি হয়ে ওঠে।
অন্যের খবর তুলে ধরা থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চালানো সাংবাদিকতার এই দায়িত্বের পাশাপাশি সাংবাদিকরাও যে ভুলের ঊর্ধ্বে নন, নাটকে সেই বাস্তবতাও তুলে ধরা হয়েছে। আত্মবিশ্লেষণ ও নিজের ভুল-ত্রুটি পর্যালোচনার প্রয়োজনীয়তাও নাটকের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উঠে আসে।

নাটকের ‘পকেটমার’ চরিত্রটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। চরিত্রটি আকারে ছোট হলেও গোটা নাটকের কাহিনিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দর্শকদের মনোযোগ ধরে রাখে। নাটকের পরিচালক তথা সাংবাদিক জীবন গোস্বামীর বহুমুখী প্রতিভার পরিচয় আগেই পেয়েছেন তাঁর বন্ধুমহল। ‘ব্ল্যাকলিস্টেড’-এর মাধ্যমে সেই প্রতিভার পরিচয় পেলেন দর্শকরাও। নাট্যকার ও সাংবাদিক কুমুদ বরুয়া মূল চরিত্রে সাবলীল অভিনয়ে নজর কাড়েন।

উল্লেখ্য, করুণা নাথ, অজিত মেধি, ডিপ্লমা, প্রিয়ম ও বুবুল হাজরিকার অভিনয় প্রতিভার সঙ্গে দর্শকদের কিছুটা পরিচয় থাকলেও শৈলেন বরুয়ার অভিনয় ছিল নতুন অভিজ্ঞতা। মঞ্চাভিনয়ের পূর্বপরিচয় না থাকলেও স্বাভাবিক ও বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের প্রশংসা কুড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *