নগাঁও উপনির্বাচন : সংখ্যালঘু ভোটারদের নিয়ে আশাবাদী অগপ সভাপতি অতুল বরা

Spread the news

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : আসন্ন নির্বাচনের প্রচারের মধ্যেই সংখ্যালঘু ভোটারদের সাড়া নিয়ে গভীর আশা প্রকাশ করেছে বিজেপি-অগপ মিত্রজোট। মরিগাঁও জেলার লাহরিঘাটের কাঠনি খেলার মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী প্রচার সভায় অসম গণ পরিষদের সভাপতি তথা জ্যেষ্ঠ মন্ত্রী অতুল বরা দাবি করেন, উন্নয়নের স্বার্থে এবার কেন্দ্রটির সংখ্যালঘু জনতা কংগ্রেস এবং এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে প্রত্যাখ্যান করে মিত্রজোটের প্রার্থী দেবাশিস শর্মাকে বিপুল ভোটে জয়ী করাবে।গত বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন অপপ্রচারের কারণে সংখ্যালঘু জনতা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তবে ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার সমগ্র রাজ্যে উন্নয়নের এক নতুন গতি দিয়েছে। বিশেষ করে জাগীরোডে ২৭ হাজার কোটি টাকার সেমিকন্ডাক্টর প্রকল্পসহ হওয়া অভূতপূর্ব ঔদ্যোগিক , শিক্ষামূলক ও পরিকাঠামোগত কাজকর্ম সকল শ্রেণির জনসাধারণের চোখ খুলে দিয়েছে। পাশাপাশি মন্ত্রী বরা বলেন, “মুখ্যমন্ত্রী শর্মা যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবে কাজ করে দেখান। সেই কারণেই এবার সংখ্যালঘু জনতা উপলব্ধি করেছে যে কেবল উন্নয়নের পক্ষেই তারা থাকবে।”

অন্যদিকে, নির্বাচনী সভায় উপস্থিত থাকা অগপের কার্যকরী সভাপতি কেশব মহন্ত বলেন, এই উপ-নির্বাচনে সংখ্যালঘু জনতা উন্নয়নের পক্ষে ভোট প্রদান করবে। উল্লেখ্য, লাহরিঘাট বিধান পরিষদের সভাপতি গুলজার হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া মিত্রজোটের নির্বাচনী প্রচার সভায় কয়েক সহস্রাধিক পুরুষ-মহিলা অংশগ্রহণ করেন। এই নির্বাচনী প্রচার সভায় লাহরিঘাট কেন্দ্রের তত্ত্বাবধায়ক বিধায়ক তপন দাস, মণিমাধব মহন্ত, ধর্মীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, যুব পরিষদের কেন্দ্রীয় কার্যকারী সভাপতি ঋষি শর্মাসহ বহুসংখ্যক কেন্দ্রীয় তথা জেলা, বিধান পরিষদের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *